| কোড: 273441 | তারিখ: 2011/10/21 | সূত্র: Radio Tehran | print |
হাক্কানি নেটওয়ার্কের সঙ্গে আলোচনার কথা স্বীকার করলেন হিলারি ক্লিন্টন |
রেডিও তেহরানের বরাত দিয়ে বার্তা সংস্থা আবনার রিপোর্ট : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন জঙ্গী গোষ্ঠি হাক্কানি নেটওয়ার্কের সঙ্গে ওয়াশিংটনের আলোচনার কথা স্বীকার করেছেন। ইসলামাবাদ সফররত হিলারি আজ পাকিস্তানি সাংবাদিকদের সঙ্গে এক গোলটেবিল বৈঠকে এ খবর জানিয়ে বলেছেন, 'সত্যি কথা বলতে পাকিস্তানের সরকারি কর্মকর্তারা ওই বৈঠকের ব্যবস্থা করে দিয়েছিল'।
একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, হাক্কানি গ্রুপের পক্ষ থেকে কয়েকটি শক্তিশালী হামলার আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের বৈঠক হয়েছিল। তিনি বলেন, পাকিস্তানের সেনা গোয়েন্দা সংস্থা আইএসআই'র প্রধান দপ্তর থেকে গেল গ্রীষ্মে বৈঠকটি আয়োজন করা হয়েছিল। এরপর হাক্কানি নেটওয়ার্ক আফগানিস্তানে দু'টি মার্কিন বিরোধী হামলা চালায়।
হিলারি ক্লিন্টন আরো দাবি করেছেন, 'আমরা যুদ্ধ এবং আলোচনা একই সময়ে চালানোর মধ্যে কোন স্ববিরোধিতা দেখি না'। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাস বিরোধী যুদ্ধে তার দেশের সঙ্গে পাকিস্তান ও আফগানিস্তানের গভীর সমন্বয় থাকতে হবে। হিলারি বলেন, যুক্তরাষ্ট্র আলোচনা শুরুর এখনই উপযুক্ত সময়। তবে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান আসারও কোন গ্যারান্টি নেই।
মার্কিন সরকার গত ১০ বছর ধরে আফগানিস্তানে তালেবান বিরোধী যুদ্ধ করছে। কিন্তু সাম্প্রতিক সময়ে ওয়াশিংটন তালেবানের সঙ্গে আলোচনার দিকে ঝুঁকে পড়েছে এবং মার্কিন কর্মকর্তারা ঘন ঘন আফগানিস্তান ও পাকিস্তান সফর করছেন। এ প্রেক্ষাপটে হিলারি দাবি করলেন, আলোচনা ও যুদ্ধ একইসঙ্গে চলতে পারে।#