| কোড: 307047 | তারিখ: 2012/04/07 - 18:01 | সূত্র: আল-আলাম | print |
দৈনিক গার্ডিয়ান : সিরিয়ার সরকার বিরোধীদেরকে অস্ত্র দেবে কাতার ও সৌদি আরব |
আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : দৈনিক গার্ডিয়ানের গতকালের সংখ্যায় প্রকাশিত হয়েছে যে, বাশার আসাদ বিরোধী পারস্য উপসাগরীয় অঞ্চলের কিছু কিছু দেশ, সিরিয়ার সরকার বিরোধীদেরকে সরাসরি সহযোগিতার জন্য জোর চেষ্টা চালাচ্ছে। কেননা তারা ইতিপূর্বে এ বিষয়ে আন্তর্জাতিক বিরোধিতার সম্মুখীন হয়েছে।
দৈনিক গার্ডিয়ান লিখেছে : সিরিয়ার বিদ্রোহীদের হাতে যাতে অস্ত্র না পোঁছায় এ বিষয়ে সৌদি আরব ও কাতারের প্রতি আহবান জানিয়েছে পশ্চিমা বিশ্ব, কেননা এর ফলে সিরিয়া সংকট নিরসনে জাতিসংঘের সকল চেষ্টা বিফলে যাবে।
দৈনিকটি আরো লিখেছে : সিরিয়ার সরকার বিরোধীদের হাতে অস্ত্র পৌঁছে দেওয়ার বিষয়ে অর্থনৈতিকভাবে শক্তিশালী আরব দেশসমূহের প্রস্তুতি গ্রহণের ফলে সৃষ্ট উদ্বিগ্নতার কারণে এ আহবান জানানো হয়েছে।
ব্রিটিশ এ দৈনিক লিখেছে : মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো কর্তৃক সিরিয়া সরকার বিরোধীদের হাতে অস্ত্র পৌঁছানো’র ক্ষেত্রে কোন উপযুক্ত দলিল দেখছেন না ব্রিটিশ সরকারের কর্মকর্তারা। কিন্তু কিছু কিছু আরবীয় সূত্র জানিয়েছে যে, অস্ত্র ক্রয় ও অবৈধভাবে সেগুলোকে সিরিয়ায় প্রেরণের লক্ষ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন আরব দেশের কিছু কিছু সিরিয়ান ধনকূবেরে’র উদ্যোগকে এড়িয়ে গেছে সৌদি আরব।
গার্ডিয়ান আরবি সূত্রসমূহের বরাত দিয়ে লিখেছে যে, ‘সিরিয়া সরকারের প্রকাশ্য বিরোধী কিছু কিছু ব্যক্তিত্ব, নিজেদের বিভিন্ন স্বার্থ উদ্ধারের বিষয়ে আলোচনার জন্য ইউরোপ ও তুরস্কে অবস্থানরত সৌদি আরবের গোয়েন্দা বিভাগের কর্মকর্তাদের সাথে কথা বলেছেন।
গার্ডিয়ান আরো প্রকাশ করেছে যে, উন্নত টেকনোলজির ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন অত্যাধুনিক অস্ত্র সিরিয়ার সরকার বিরোধীদের হাতে পৌঁছানোর জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে কাতার। তারা ১০ মিলিয়ন ডলার মূল্যের অস্ত্র প্রেরণের ব্যবস্থা করেছে।
কাতারের রাজধানী দোহা’র একটি সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ এ দৈনিক লিখেছে : বৃহৎ এ পরিকল্পনা, আন্তর্জাতিক অঙ্গনে বিরোধিতার সম্মুখীন হওয়ার পরও কাতার এ পরিকল্পনা পরিপূর্ণরূপে বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে, যাতে আগামী ৬ মাসের মধ্যে সিরিয়ার পরিস্থিতি গৃহযুদ্ধের দিকে যায়।
দৈনিক গার্ডিয়ান লিখেছে : (কথিত) সিরিয়া জাতীয় পরিষদের সদস্যদের (সশস্ত্র সন্ত্রাসীদের) ভাতা প্রদানের লক্ষ্যে আর্থিক সহযোগিতা প্রদানের ক্ষেত্রে পারস্য উপসাগরীয় দেশসমূহের সমঝোতায় পৌঁছার অর্থ হচ্ছে অস্ত্র ক্রয় ও সেগুলোকে সরকার বিরোধীদের হাতে পৌঁছানোর বিষয়টিকে গোপন করা।
নাম প্রকাশে অনিচ্ছুক সিরিয়ার সরকার বিরোধী এক সূত্রের বরাত দিয়ে গার্ডিয়ান লিখেছে : সিরিয়ান ফ্রিডম ফাইটাররা ইস্তাম্বুলে অস্ত্র লাভের আশায় অপেক্ষা করছে। বর্তমানে ইস্তাম্বুলে অবস্থানরত সিরিয়া সরকার বিরোধীদের নেতা বুরহান গালইয়ুনে’র মাধ্যমে, দারয়া ও দামেস্কে অবস্থানরত সরকার বিরোধী সশস্ত্র ব্যক্তিদের মাঝে অর্থ বিতরণ হয়েছে।#