| কোড: 309375 | তারিখ: 2012/04/17 - 21:52 | সূত্র: রেডিও তেহরান | print |
বাহরাইনে অহরহই মানবাধিকার লংঘনের ঘটনা ঘটছে : অ্যামনেস্টি |
বার্তা সংস্থা আবনা : সরকার দেশে রাজনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি দেয়া সত্ত্বেও দেশটিতে মানবাধিকার লংঘনের ঘটনা অহরহই ঘটে চলেছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। আগামী রোববার বাহরাইনে গ্রান্ড প্রি প্রতিযোগিতা শুরু হওয়ার কথা রয়েছে। তার আগে আজ (মঙ্গলবার) অ্যামনেস্টি সতর্ক করে দিয়ে বলেছে, বাহরাইনের মানবাধিকার সংকট কেটে গেছে বলে কেউ যেন ভুল না করে।
২০১১ সালের ফেব্রুয়ারি মাসে বাহরাইনে ব্যাপক সরকার বিরোধী আন্দোলন শুরু হয় যা এখনো চলছে। এ আন্দোলন কঠোর হাতে দমন করে আলে খলিফা সরকার। সৌদি সমর্থিত বাহরাইনের নিরাপত্তা বাহিনীর নৃশংস দমন অভিযানে অর্ধ শতাধিক ব্যক্তি নিহত, হাজার হাজার মানুষ আহত এবং অন্ততঃ ১,৬০০ মানুষকে আটক করা হয়। গত বছরেরই নভেম্বরে বাহরাইনের নিরপেক্ষ তদন্ত কমিশন এক প্রতিবেদনে জানায়, নিরাপত্তা বাহিনী বিক্ষোভ দমনের ক্ষেত্রে অত্যধিক বলপ্রয়োগ করেছে। ওই কমিশনের সুপারিশ অনুযায়ী দেশে সংস্কার আনার প্রতিশ্রুতি দেয় আলে খলিফা সরকার।
কিন্তু অ্যামনেস্টি আজ বলেছে, "বাহরাইন সরকার দেখাতে চায় যে, দেশটি সংস্কারের নির্ধারিত পথ ধরে এগিয়ে যাচ্ছে। কিন্তু বাস্তবতা হচ্ছে এখনো সেখানে বিক্ষোভকারীদের ওপর নির্যাতন এবং অহেতুক বলপ্রয়োগ করা হচ্ছে।"
উদাহরণ হিসেবে ১৮ বছর বয়সী ছাত্র হাসান কুনের কথা উল্লেখ করেছে অ্যামনেস্টি। হাসানকে গত জানুয়ারি মাসে আটক করা হয়। তাকে টানা ১১ ঘন্টা দাঁড় করিয়ে রাখা হয়, হোজপাইপ দিয়ে পায়ে বেদম পেটানো হয় এবং তাকে ধর্ষণের হুমকি দেয়া হয়। অ্যামনেস্টি আরো বলেছে, বাহরাইনের নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারী মানুষের বাড়ি বাড়ি গিয়ে হামলা চালাচ্ছে এবং এ ধরনের হামলায় ১৪ বছর বয়সী এক কিশোর এবং ৮১ বছর বয়সী এক বৃদ্ধা নিহত হয়েছেন।
অ্যামনেস্টি আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলার জন্য বাহরাইন সরকারের প্রতি আহবান জানিয়েছে।#
(সূত্র : রেডিও তেহরান)