| কোড: 317005 | তারিখ: 2012/05/23 - 09:01 | সূত্র: রেডিও তেহরান | print |
পরমাণু বিষয়ে ইরান-আইএইএ চুক্তি করবে : আমানো |
বার্তা সংস্থা আবনা : আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ'র মহাপরিচালক ইউকিয়া আমানো জানিয়েছেন, পরমাণু বিষয়ে ইরান এবং বিশ্ব এ সংস্থা একটি চুক্তিতে পৌঁছানোর সিদ্ধান্ত নিয়েছে। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনের জন্য দু'পক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি।
আমানো বলেন, "কাঠামোগত দৃষ্টিভঙ্গির বিষয়ে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য আমি ও ইরানের প্রধান পরমাণু আলোচক সাঈদ জালিলি এ সিদ্ধান্ত নিয়েছি।" ইরান সফর শেষে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পৌঁছে তিনি এসব কথা বলেন।
আইএইএ মহাপরিচালক জানান,"এখন আমি বলতে পারি যে, শিগগিরি এ চুক্তি স্বাক্ষর হবে।" সম্ভাব্য এ চুক্তিকে তিনি গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে উল্লেখ করেন।
ইরানের পরমাণু কর্মসূচির জটিলতা নিয়ে আলোচনার জন্য ইউকিয়া আমানো এবং আইএইএ'র দুই উধ্বর্বতন কর্মকর্তা হারম্যান নাকায়ের্তস এবং রাফায়েল ম্যারিয়ানো গ্রোসি গতকাল (সোমবার) তেহরান সফর করেছেন। সফরের সময় তারা ইরানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
এ প্রসঙ্গে ইরানের প্রধান আলোচক সাঈদ জালিলি বলেছেন, "আমানোর সঙ্গে আমাদের চমতকার আলোচনা হয়েছে। ইনশাল্লাহ ভবিষ্যতে দু'পক্ষের মধ্যে ভালো সহযোগিতা হবে।"#
(সূত্র : রেডিও তেহরান)