| কোড: 317234 | তারিখ: 2012/05/24 - 08:52 | সূত্র: রেডিও তেহরান | print |
বাগদাদে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের প্রথম দফা আলোচনা শেষ, চলবে বৃহস্পতিবারও |
বার্তা সংস্থা আবনা : ইরাকের রাজধানী বাগদাদে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের গুরুত্বপূর্ণ আলোচনার প্রথম দফা শেষ হয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যদেশ ও জার্মানীর সমন্বয়ে গঠিত ৫+১ গ্রুপের সঙ্গে পূর্ব নির্ধারিত এ বৈঠক আজ (বুধবার) স্থানীয় সময় দুপুরের পর শুরু হয়। প্রায় তিন ঘন্টাব্যাপী এ বৈঠকে ইরানের পক্ষ থেকে একাধিক প্যাকেজ প্রস্তাব উত্থাপন করা হয়। বৈঠকে ইরানি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব ও প্রধান আলোচক সাঈদ জালিলি এবং ৫+১ গ্রুপের নেতৃত্বে থাকেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ক্যাথেরিন অ্যাশটোন।
বৈঠকে ছয় জাতিগোষ্ঠীর পক্ষ থেকেও ইরানের জন্য প্যাকেজ প্রস্তাব উত্থাপনের খবর পাওয়া গেছে। ক্যাথেরিন অ্যাশটোনের মুখপাত্র মাইকেল ম্যান এ সম্পর্কে বলেছেন, প্যাকেজ প্রস্তাবে ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে আন্তর্জাতিক সমাজের উদ্বেগ স্থান পেয়েছে। সেইসঙ্গে শান্তিপূর্ণ কাজে ইরানের পরমাণু প্রযুক্তি ব্যবহারের অধিকারকে স্বীকৃতি দেয়া হয়েছে। এ সম্পর্কে এই মুহূর্তে তিনি আর কিছু জানাতে অপারগতা প্রকাশ করেছেন। তবে ইরানের পক্ষ থেকে এখনো প্যাকেজ প্রস্তাব পাওয়ার খবর নিশ্চিত করা হয়নি। মাইকেল ম্যান অবশ্য আশা প্রকাশ করেছেন, ইরান এ প্রস্তাবের ব্যাপারে ইতিবাচক সাড়া দেবে। তিনি বলেন, "আমরা আজই কোন চূড়ান্ত চুক্তি আশা করছি না। এটি একটি চলমান প্রক্রিয়া। বাগদাদে দ্বিতীয় দফা আলোচনা হয়েছে। শিগগিরই হয়তো আমরা তৃতীয় দফা বৈঠকে বসবো।"
বাগদাদ বৈঠকের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, আগামীকালও দু'পক্ষের মধ্যে আরেক দফা আলোচনা হতে পারে।#
(সূত্র : রেডিও তেহরান)