| কোড: 317235 | তারিখ: 2012/05/24 - 08:54 | সূত্র: রেডিও তেহরান | print |
নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো রাশিয়া; ভেদ করতে পারবে ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা |
বার্তা সংস্থা আবনা : রাশিয়া আজ (বুধবার) একটি নতুন আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। এ ক্ষেপণাস্ত্র ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে পারবে বলে রুশ সামরিক মুখপাত্র দাবি করেছেন।
ন্যাটো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রথম পর্ব আনুষ্ঠানিকভাবে চালু করার ঘোষণা দেয়ার এক সপ্তাহের কম সময়ের মধ্যে এ পরীক্ষা চালানো হলো। ন্যাটোর ওই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার তীব্র বিরোধিতা করছে। ক্রেমলিন মনে করছে, রাশিয়ার পরমাণু বোমার ভাণ্ডারই ন্যাটো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য।
রুশ স্ট্রাটেজিক নিউক্লিয়ার ফোর্সের মুখপাত্র ভাদিম কোভাল বলেছেন, ক্ষেপণাস্ত্রটি কামচাটকা দ্বীপপুঞ্জের কুরা টেস্ট রেঞ্জে তার লক্ষ্যবস্তুতে সঠিকভাবে আঘাত হেনেছে। এ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর রাশিয়ার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
এদিকে, একটি সামরিক সূত্র বলেছে, রাশিয়া এ নিয়ে দ্বিতীয়বার নতুন এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো। গত বছরের ২৭ সেপ্টেম্বর প্রথম দফা পরীক্ষা চালানো হয়েছিল। কিন্তু সে সময় অজানা ক্রটির কারণে উৎক্ষেপণ কেন্দ্র থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে গিয়ে ক্ষেপণাস্ত্রটি বিধ্বস্ত হয়।
কয়েকটি সূত্র বলছে, ইউরোপে মার্কিন সহায়তায় যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে তা ভেদ করার ব্যবস্থা রয়েছে রুশ নতুন ক্ষেপণাস্ত্রের। এ ক্ষেপণাস্ত্রে নতুন জ্বালানি ব্যবহার করায় এর গতি অনেক বেড়ে গেছে। এ কারণে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ সহজ হয়েছে এবং যুদ্ধক্ষেত্রে তা শনাক্ত করাও কঠিন হবে বলে মনে করছেন রুশ কর্মকর্তারা। এ ছাড়া, এ ক্ষেপণাস্ত্রে যেসব ওয়ারহেড ব্যবহার করা হয়েছে তা সহজেই দিক পরিবর্তন করতে পারে। এ জন্য ক্ষেপণাস্ত্রটি গুলি করে ভূপাতিত করা কঠিন হবে। #
(সূত্র : রেডিও তেহরান)