| কোড: 317237 | তারিখ: 2012/05/24 - 08:55 | সূত্র: রেডিও তেহরান | print |
তুর্কি ত্রাণবহরে হামলা : ৪ ইসরাইলি কমান্ডারের যাবজ্জীবন কারাদণ্ড দাবি |
বার্তা সংস্থা আবনা : ফিলিস্তিনের গাজা অভিমুখী তুর্কী ত্রাণবহরে হামলার সঙ্গে জড়িত চার ইসরাইলি কমান্ডারের যাবজ্জীবন কারাদণ্ড দাবি করেছেন তুরস্কের সরকারি কৌঁসুলিরা। এ বিষয়ে বিস্তারিত তদন্ত শেষে ওই দাবি জানিয়েছেন তারা।
২০১০ সালের ৩১ মে ইহুদীবাদী সেনারা আন্তর্জাতিক পানিসীমায় থাকা অবস্থায়ই তুর্কি ত্রাণবহরে হামলা চালায় এবং এতে নয় ত্রাণকর্মী নিহত হয়েছিলেন।
ইসরাইলি কমান্ডোরা তুর্কি ত্রাণবহর ফ্লোটিলা'র সবচেয়ে বড় জাহাজ তুর্কি পতাকাবাহী মাভি মারমারায় হামলা করলে নয় ত্রাণকর্মী নিহত হন। ইসরাইল এ ঘটনার জন্য ক্ষমা চাইতে এবং নিহতদের জন্য ক্ষতিপূরণ দিতে অস্বীকার করেছে।
তুর্কি সরকারি কৌঁসুলিরা তাদের তদন্ত শেষে একশ' ৪৪ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ করছে। ফ্লোটিলায় হামলার সঙ্গে জড়িত ইহুদিবাদী ইসরাইলের সাবেক চিফ অব জেনারেল স্টাফ গাবি আশকেনাজি ও তিন সাবেক সেনা কমান্ডারের প্রত্যেককে নয় বার করে যাবজ্জীবন কারাদণ্ড দেয়ার সুপারিশ করা হয়েছে এ প্রতিবেদনে।
অবশ্য, তদন্তের জন্য ফ্লোটিলায় হামলার সঙ্গে জড়িত ইসরাইলি সেনা কর্মকর্তাদের নাম পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জানতে চেয়েছিলেন তুর্কি কৌঁসুলিরা। কিন্তু, তেল আবিব তাদের নাম জানাতে অস্বীকার করে। ফলে, তুর্কি কৌঁসুলিরা প্রত্যক্ষদর্শীদের বিবরণ এবং জাতিসংঘে পেশ করা ইসরাইলি প্রতিবেদন থেকে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের নাম সংগ্রহ করেছেন।
এর আগে, ফ্লোটিলার ওপর ইসরাইলি কমান্ডো হামলার বিষয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন তিনবার পিছিয়ে গত সেপ্টেম্বরে প্রকাশ করা হয়। এতে বলা হয়, গাজা উপত্যকার বহু দূরে আন্তর্জাতিক পানিসীমায় ইসরাইলি ওই হামলায় অত্যধিক বল প্রয়োগ করা হয়েছে।#
(সূত্র : রেডিও তেহরান)