| কোড: 317873 | তারিখ: 2012/05/26 - 22:21 | সূত্র: রেডিও তেহরান | print |
মিশর ও বিপ্লবকে রক্ষা করুন : ইখওয়ানুল মুসলিমিন |
বার্তা সংস্থা আবনা : মিশরের সর্ববৃহৎ রাজনৈতিক দল ইখওয়ানুল মুসলিমিন বিপ্লব রক্ষায় দেশের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছে। দলটি সতর্ক করে দিয়ে বলেছে, মিশরের পতিত স্বৈরাচারকে ক্ষমতায় ফিরিয়ে আনার জন্য একটি মহল চেষ্টা চালাচ্ছে।
ইখওয়ানুল মুসলিমিনের মুখপাত্র এসাম আল-আরিয়ান বলেছেন, যারা গত বছর সাবেক স্বৈরশাসক হোসনি মুবারকের পতনের দাবিতে আন্দোলন করেছেন তাদের সবার উচিত প্রেসিডেন্ট নির্বাচনে ‘জাতি ও বিপ্লব'কে রক্ষার লক্ষ্যে ভোট দেয়া। তিনি আরো বলেন, মুবারক শাসনামলের প্রধানমন্ত্রী আহমেদ শফিক এ নির্বাচনে বিজয়ী হলে মিশর আবার বিপদের মুখে পড়বে। ইখওয়ানুল মুসলিমিন নিজের প্রার্থীকে বিজয়ী করার জন্য আহমেদ শফিক ছাড়া বাকি প্রার্থীদের সঙ্গে ঐক্যমত্যে পৌঁছার চেষ্টা করবে বলে আল-আরিয়ান উল্লেখ করেন।
মিশরের প্রেসিডেন্ট নির্বাচনে এ পর্যন্ত বেসরকারিভাবে পাওয়া ফলাফলে কোনো প্রার্থী নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাননি। এ পর্যন্ত গণনা করা ভোটের বেসরকারি ফলাফলে দেখা যাচ্ছে, ইখওয়ানুল মুসলিমিনের প্রার্থী মোহাম্মাদ মুরসি শতকরা ২৫.৩০ ভাগ ভোট পেয়েছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ও হোসনি মুবারক সরকারের শেষ দিকের প্রধানমন্ত্রী আহমাদ শফিক পেয়েছেন শতকরা ২৪.৯০ ভাগ ভোট। ফলে,এ দু'জনের মধ্যে পুনঃনির্বাচন অনিবার্য হয়ে উঠেছে। আগামী ১৬ ও ১৭ জুন পুনঃনির্বাচন হবে। মিশরের সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট নির্বাচনে কোনো প্রার্থী শতকরা ৫০ ভাগের বেশি ভোট না পেলে পুনঃনির্বাচন করতে হবে। গত বুধ ও বৃহস্পতিবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের সরকারি ফলাফল মঙ্গলবার ঘোষিত হবে।
মিশরের ঐতিহ্যবাহী ইসলামপন্থী দল ইখওয়ানুল মুসলিমিন মোহাম্মাদ মুরসি'কে বিজয়ী করার জন্য এরইমধ্যে অন্যান্য রাজনৈতিক দল ও প্রেসিডেন্ট প্রার্থীর সঙ্গে আলাপ-আলোচনা শুরু করে দিয়েছে বলে খবর এসেছে।#
(সূত্র : রেডিও তেহরান)