| কোড: 317874 | তারিখ: 2012/05/26 - 22:27 | সূত্র: রেডিও তেহরান | print |
ইরান সামরিক কাজে পরমাণু ততপরতা চালানোর চেষ্টা করেনি : আমানো |
বার্তা সংস্থা আবনা : আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা- আইএইএ'র মহাপরিচালক ইউকিয়া আমানো ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির বিষয়ে একটি নতুন প্রতিবেদন প্রকাশ করেছেন। শুক্রবার আইএইএ'র নির্বাহি পরিষদের কাছে পাঠানো প্রতিবেদনে তিনি বলেছেন, ইরান সামরিক কাজে নিজের পরমাণু ততপরতা পরিচালনার কোন চেষ্টা করেনি। আইএইএ'র নিবিড় পর্যবেক্ষণে থাকা ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি লক্ষ্যচ্যুত হয়নি বলে আমানোর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদন প্রকাশের পর আইএইএ'তে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলী আসগর সুলতানিয়ে বলেছেন, "ইউরেনিয়াম সমৃদ্ধকরণসহ ইরানের সব পরমাণু ততপরতা যে শান্তিপূর্ণ এবং তেহরান যে আইএইএ'কে পূর্ণ সহযোগিতা দিয়ে যাচ্ছে- আমানোর এ প্রতিবদেনে তা আরেকবার প্রমাণিত হয়েছে।"
আগামী ৪ জুন আইএইএ'র নির্বাহি পরিষদের বৈঠকে এ প্রতিবেদন পর্যালোচনা করা হবে। জাতিসংঘের পরমাণু তদারকি বিষয়ক এ সংস্থার মহাপরিচালক ইউকিয়া আমানো সম্প্রতি সংস্থাটির অপর দুই শীর্ষস্থানীয় কর্মকর্তা হারম্যান ন্যাকায়ের্টস ও রাফায়েল গ্রোসি'কে নিয়ে ইরানে সফর করেন। সফরে তারা ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধানসহ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত করেন।
তাদের তেহরান সফরের পর বাগদাদে জাতিসংঘের পাঁচ স্থায়ী সদস্যদেশ ও জার্মানীর সমন্বয়ে গঠিত ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের দু'দিনব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়। বুধ ও বৃহস্পতিবারের ওই বৈঠকের পর ঠিক হয়, আগামী ১৮ ও ১৯ জুন রাশিয়ার রাজধানী মস্কোয় উভয়পক্ষ আবারো বৈঠকে মিলিত হবে।#
(সূত্র : রেডিও তেহরান)