| কোড: 318157 | তারিখ: 2012/05/28 - 10:01 | সূত্র: রেডিও তেহরান | print |
আন্তর্জাতিক অর্থ লেনদেনের নতুন পদ্ধতি বের করেছে ইরান |
বার্তা সংস্থা আবনা : ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মাহমুদ বাহমানি বলেছেন, আন্তর্জাতিক লেনদেনের নতুন পদ্ধতি বের করেছে তার দেশ এবং আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে তা বাস্তবায়ন করেছে।
তিনি আরো জানান, বিশ্বের বিভিন্ন দেশের ব্যাংকগুলোর মধ্যে লেনদেনের জন্য ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারব্যাংক ফিনান্সিয়াল টেলিকমিউনিকেশন বা এসডাব্লিউআইএফটি নামে একটি ব্যবস্থা চালু রয়েছে এবং ইরানের তৈরি নতুন ব্যবস্থা তার পরিবর্তে ব্যবহার করা হবে। এ ব্যবস্থা এরই মধ্যে চালু করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
ইরানের তেল ও অর্থনীতির ওপর ইউরোপীয় ইউনিয়ন একতরফা নিষেধাজ্ঞা আরোপ করেছে। আর এ পরিপ্রেক্ষিতে গত ১৫ মার্চ এসডাব্লিউআইএফটি'র প্রধান ঘোষণা করেছেন- আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে এ সংস্থা আর ইরানের কোনো ব্যাংককে সেবা দেবে না।
এর আগে, ২৩ জানুয়ারি ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা ইরানের অর্থনীতি ও তেলখাতের ওপর একতরফা নিষেধাজ্ঞা আরোপ করেন। ফলে, ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশ ইরান থেকে অপরিশোধিত তেল আমদানি করতে বা কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে লেনদেন করতে পারছে না।#
(সূত্র : রেডিও তেহরান)