| কোড: 318407 | তারিখ: 2012/05/29 - 05:16 | সূত্র: রেডিও তেহরান | print |
সৌদি আরবে বিনা বিচারে বন্দি শিয়া মুসলমানদের মুক্তি দিন : অ্যামনেস্টি |
বার্তা সংস্থা আবনা : সৌদি আরবে বিনা বিচারে আটক শিয়া মুসলমানদের মুক্তি দিতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। শান্তিপূর্ণ প্রতিবাদে অংশ নেয়ার দায়ে এসব নাগরিককে দীর্ঘদিন ধরে আটক রেখেছে রিয়াদ সরকার।
সৌদি আরবের "পূর্বাঞ্চলে বিরোধী কণ্ঠগুলোকে দমন" শীর্ষক অ্যামনেস্টির প্রতিবেদনে বলা হয়েছে, ২০১১ সালের মার্চ মাস থেকে এ পর্যন্ত শত শত শিয়া মুসলমানকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের অনেকেই শিশু। অনেক বন্দিকে মুক্তি দেয়া হলেও বিচার বিভাগীয় কোনো অভিযোগ ছাড়াই এখনো অনেকে বন্দি রয়েছেন। দৃশ্যতঃ স্বাধীন মত প্রকাশের দায়েই এসব ব্যক্তিকে বন্দি করা হয়েছে। সৌদি আরবের দৃষ্টিতে- বাহরাইনের শিয়া বিক্ষোভকারীদের প্রতি সমর্থনও তাদের অন্যতম ‘অপরাধ'। প্রতিবেদনে আরো বলা হয়েছে, সৌদি কর্তৃপক্ষ শিয়া বন্দিদেরকে আইনজীবী নিয়োগেরও অনুমতি দেয়নি যা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। লন্ডনভিত্তিক এ মানবাধিকার সংস্থা আরো বলেছে, সৌদি সরকার শিয়া মুসলিম বন্দিদের ওপর নানা ধরনের নির্যাতন চালাচ্ছে এবং সরকারি ও বেসরকারি খাতের যেসব কর্মজীবী স্বাধীনভাবে মত প্রকাশের পথ বেছে নিচ্ছেন তারা চাকরি হারানোর হুমকিতে পড়েছেন। শিয়া প্রতিবাদীদের ওপর সৌদি নিরাপত্তা বাহিনীর বল প্রয়োগের ব্যাপারেও উদ্বেগ প্রকাশ করে অ্যামনেস্টি বলেছে, গত ২১ নভেম্বর থেকে এ পর্যন্ত সৌদি নিরাপত্তা বাহিনীর গুলির শিকার হয়ে সাত জন নিহত এবং আরো অনেকে আহত হয়েছে। সৌদি আরবের পূর্বাঞ্চলে বিক্ষোভ দমনে রিয়াদের নেয়া নানা ব্যবস্থাকে "ব্যাপক মানবাধিকার লঙ্ঘন" বলেও উল্লেখ করেছে আন্তর্জাতিক এ মানবাধিকার সংস্থাটি। এ ছাড়া, পূর্বাঞ্চলীয় কাতিফ প্রদেশে সরকারবিরোধী বিক্ষোভসহ অন্যান্য ততপরতার খবর পোস্ট করার দায়ে ওই অঞ্চলের কয়েকটি ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে সৌদি সরকার।
সৌদি আরবের তেল-সমৃদ্ধ পূর্বাঞ্চলেই দেশটির বেশিরভাগ শিয়া মুসলমান বসবাস করে। তারা গত প্রায় এক বছর ধরে সরকারের নানা বৈষম্য ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে এবং রাজনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভ-সমাবেশ করে আসছে। #
(সূত্র : রেডিও তেহরান)