| কোড: 319074 | তারিখ: 2012/06/01 - 04:26 | সূত্র: রেডিও তেহরান | print |
ইরানের পরমাণু কর্মসূচি ইস্যুতে সংকট উস্কে দিচ্ছে পাশ্চাত্য: তুর্কি প্রধানমন্ত্রী |
বার্তা সংস্থা আবনা : তুরস্কের প্রধানমন্ত্রী রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, ইরানের পরমাণু ইস্যুতে পশ্চিমা দেশগুলো সংকট উস্কে দিলেও ইসরাইলের বিষয়ে নিরব রয়েছে। তিনি আরো বলেছেন, প্রতিটি দেশেরই পরমাণু শক্তি ব্যবহারের অধিকার রয়েছে। পরমাণু ইস্যুতে নিরপেক্ষ নীতি অনুসরণ করা উচিত বলেও তিনি মন্তব্য করেন। এরদোগান পাশ্চাত্যের উদ্দেশে বলেছেন, "আপনাদেরকে নিরপেক্ষ হতে হবে। আপনারা ইসরাইলের পরমাণু কর্মসূচির বিষয়টি এড়িয়ে যাবেন, কিন্তু ইরান ইস্যুতে সংকট উস্কে দেবেন। এটাকে নিরপেক্ষতা বলে না।"
ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে বলে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও তাদের কয়েকটি মিত্র দেশ অভিযোগ করে আসলেও তেহরান তা প্রত্যাখ্যান করে আসছে। ইরান পরমাণু অস্ত্র বিস্তাররোধ চুক্তি বা এনপিটিতে স্বাক্ষর করেছে এবং দেশটি আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার সদস্য।
অন্যদিকে, ইহুদিবাদী ইসরাইল এনপিটিতে স্বাক্ষর করেনি এবং ওই চুক্তিতে স্বাক্ষরের জন্য আন্তর্জাতিক আহ্বান বার বারই প্রত্যাখ্যান করে আসছে। ইসরাইলের কাছে দু'শ থেকে চারশ'টি পরমাণু অস্ত্র রয়েছে বলে ধারণা করা হয়।#
(সূত্র : রেডিও তেহরান)