| কোড: 335449 | তারিখ: 2012/08/09 - 08:42 | সূত্র: রেডিও তেহরান | print |
‘মার্কিনিরা সৌদি আরবেও পরিবর্তনের পরিকল্পনা করছে’ |
বার্তা সংস্থা আবনা : ইরানের প্রেসিডেন্ট ড. মাহমুদ আহমাদিনেজাদ বলেছেন, "আমি নিশ্চিত মার্কিনিরা সৌদি আরবেও পরিবর্তনের পরিকল্পনা করছে।"
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির বিশেষ প্রতিনিধি সুগরা ইমামের সঙ্গে রাজধানী তেহরানে এক সাক্ষাত অনুষ্ঠানে ড. আহমাদিনেজাদ এ কথা বলেছেন।
ইরানের প্রেসিডেন্ট বলেন, মার্কিন প্রশাসন ইরান ও পাকিস্তানের অভ্যন্তরেও অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়। কারণ, তারা চায় না কোনো মুসলিম দেশ শক্তিশালী হয়ে উঠুক।
বৈঠকে ড. আহমাদিনেজাদ বলেন, সিরিয়ার জনগণের অধিকার ও স্বাধীনতার প্রতি ইরান শ্রদ্ধা পোষণ করে। এটা ইরানের মৌলিক নীতি বলেও তিনি উল্লেখ করেন। এ সময় তিনি জোর দিয়ে বলেন, "পাকিস্তান যেমন চায় রাজনৈতিক উপায়ে সিরিয়ার চলমান সমস্যার সমাধান হোক তেমনি ইরানও একই রকমের দৃষ্টিভঙ্গি পোষণ করে। ইরান মনে করে, একমাত্র রাজনৈতিক উপায়েই সিরিয়া সমস্যার সমাধান হতে হবে।
কয়েকটি আঞ্চলিক দেশের সমালোচনা করে প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বলেন, সিরিয়ায় সংঘর্ষ যত বাড়বে ততই সম্যসা জটিল আকার ধারণ করবে। আজ (বৃহস্পতিবার)রাজধানী তেহরানে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সিরিয়া বিষয়ক সম্মেলন এবং ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি'র মক্কা সম্মেলন এ সমস্যা সমাধানের বড় সুযোগ হবে বলেও তিনি আশা করেন।
বৈঠকে পাকিস্তানি বিশেষ দূত বলেন, তার দেশও সিরিয়া সমস্যার রাজনৈতিক সমাধান চায়। পাকিস্তান সবসময় সিরিয়ার ভৌগলিক অখণ্ডতা, সাবভৌমত্ব ও স্বাধীনতার প্রতি সম্মান দেখায়। এ ছাড়া, দেশটিতে কোনো বিদেশি হস্তক্ষেপও দেখতে চায় না পাকিস্তান।#
(সূত্র : রেডিও তেহরান)